আত্মস্বীকৃতি

আমার রক্তের মধ্যে কোমল সকাল

আমার রক্তের মধ্যে দুরন্ত রাখাল

আমার রক্তের মধ্যে চন্দনের ঘ্রাণ

আমার রক্তের মধ্যে পাথরের প্রাণ

আমার রক্তের মধ্যে নক্ষত্রের গান

আমার রক্তের মধ্যে সূর্যের উত্থান।

আমার রক্তের মধ্যে শ্যামের বাঁশরি

আমার রক্তের মধ্যে রাধার আকুতি

আমার রক্তের মধ্যে ঊরুবেলা গ্রাম

আমার রক্তের মধ্যে সুজাতার কাম।

আমার রক্তের মধ্যে তীব্র সমকাম

আমার রক্তের মধ্যে পরকীয়া প্রেম

আমার রক্তের মধ্যে যৌবন-বিকার

আমার রক্তের মধ্যে দীর্ণ শীৎকার।

আমার রক্তের মধ্যে ক্ষমতার দর্প

আমার রক্তের মধ্যে অশুভ প্রভুত্ব

আমার রক্তের মধ্যে ক্রোধের অনল

আমার রক্তের মধ্যে ঈর্ষা ও কুৎসা

আমার রক্তের মধ্যে ঘৃণ্য প্রতিহিংসা।

আমার রক্তের মধ্যে ভীষণ ভণ্ডামি

আমার রক্তের মধ্যে ধর্মান্ধ জল্লাদ

আমার রক্তের মধ্যে পরধন লোভ

আমার রক্তের মধ্যে লুণ্ঠন-উল্লাস

আমার রক্তের মধ্যে ভোগের বিলাস।

আমার রক্তের মধ্যে শীতল বরফ

আমার রক্তের মধ্যে বিষধর সাপ

আমার রক্তের মধ্যে ঘাতকের বাস

আমার রক্তের মধ্যে ঘোর অবিশ্বাস।

আমার রক্তের মধ্যে মুক্ত তপোবন

আমার রক্তের মধ্যে শুদ্ধ বুদ্ধগয়া

আমার রক্তের মধ্যে পূত বেথ্লেহেম

আমার রক্তের মধ্যে হেরার তপস্যা

আমার রক্তের মধ্যে মৌন হিমালয়

আমার রক্তের মধ্যে মুনি ঋষি নবী

আমার রক্তের মধ্যে সৃষ্টিকর্তা-কবি।

আমার রক্তের মধ্যে অগ্নিগিরি-ক্ষোভ

আমার রক্তের মধ্যে তীব্র-ক্ষিপ্র ঘৃণা

আমার রক্তের মধ্যে ঝড়ের দাপট

আমার রক্তের মধ্যে উত্তাল সমুদ্র

আমার রক্তের মধ্যে নূহের প্লাবন

আমার রক্তের মধ্যে ইন্দ্রের ধনুক

আমার রক্তের মধ্যে বাঘের গর্জন

আমার রক্তের মধ্যে সিংহ-নিনাদ

আমার রক্তের মধ্যে দৃপ্ত প্রতিবাদ।

আমার রক্তের মধ্যে বৃষ্টির বন্দনা

আমার রক্তের মধ্যে রোদের লাবণ্য

আমার রক্তের মধ্যে মেঘ নদী জল

আমার রক্তের মধ্যে শস্যের সুন্দর

আমার রক্তের মধ্যে সৌম্য বনভূমি

আমার রক্তের মধ্যে পাখির কাকলি

আমার রক্তের মধ্যে কচি কলাপাতা

আমার রক্তের মধ্যে ভালোবাসা পাতা।

আমার রক্তের মধ্যে দীপ্র প্রভাকর

আমার রক্তের মধ্যে প্রজ্ঞাপারমিতা

আমার রক্তের মধ্যে পাহাড়ের ধ্যান

আমার রক্তের মধ্যে সর্বশাস্ত্রজ্ঞান।

আমার রক্তের মধ্যে আলোর পিপাসা

আমার রক্তের মধ্যে মুক্তির বারতা

আমার রক্তের মধ্যে কৃষকের ঘাম

আমার রক্তের মধ্যে শ্রমিকের খুন

আমার রক্তের মধ্যে নিত্য সংগ্রাম

আমার রক্তের মধ্যে মাটির প্রণাম।