বাউলের আখড়া থেকে গুটিগুটি পায়ে

হেঁটে এসে, মৃত্যুকে খোঁয়াড়ে বন্দি করে, যে-শিশু

নাচছে আগুনলাগা গাছে, তার ঠিকানা জানে না

এ তল্লাটের বাসিন্দারা …

একটা পাখি তার নাম ধরে ডাকতেই, আজব শব্দের

ডানায় চড়ে উচ্চারিত শব্দরা মিলিয়ে গেল

আগুনের মেঘে; পোড়া গাছের ছাইগাদায় তলিয়ে গেল

আস্ত গ্রাম; শিশুটি পাখির পালকে

মুখ লুকিয়ে হেসে উঠতেই, সবুজে ছেয়ে গেল

চতুর্দিক … মানুষবিহীন গ্রাম ঘুমিয়ে পড়ল

শিশুটির কোলে, জেগে থাকল নতুন ফোটা একটা

ঘাসফুল, যে জানাবে শিশুটির ঠিকানা …