মেহরিন, এই হৃদয় নিয়ে আমার অহংকারের দিন শেষ
যেদিন অপরের হাতে তাকে তুলে দিতে হলো।
মেহরিন, কত মুক্ত আর স্বাধীন ছিলাম, মনে পড়ে
কিন্তু আজ তোমার সাথে দেখা হওয়ার পর
কারাগার নির্ধারিত হয়ে গেল।
মেহরিন, কথা রাখো সখি আমার
সেই দিনের কথা মনে করে
যেদিন সবকিছু ভুলে যাবে তুমি।
মেহরিন, তুমি যেখানেই পা রাখো
তার নিচ দিয়ে জলপ্রপাত নামে
কত প্রেমিক সেই স্রোতে ভেসে গেল
ইতিহাস তাদের নাম জানে না।
মেহরিন, তুমি কি দেখেছ
ফুল ঝরে যাওয়ার আগে কেমন করে হাসে
মানুষ কোনোদিন তাকে ভালো করে দেখল না।
মেহরিন, মানুষ কী করে বেঁচে থাকে জানি না
প্রতিমুহূর্তে তার হৃদয়ে যেখানে মৃত্যুর ঘণ্টা বাজতে থাকে।
মেহরিন, এসো শূন্যে ঘর বাঁধি শূন্যে করি বাস
শূন্যে শূন্যে এ-জীবন শূন্য করে যাই
মেহরিন, এই যে সুগন্ধি ছুটে আসে দূরদেশ থেকে
দেখো, গন্তব্যে পৌঁছার আগেই কেমন করে মিলিয়ে গেল।

Leave a Reply
You must be logged in to post a comment.