তমিজ উদ্দীন লোদী
-
যুদ্ধে বিধ্বস্ত শহর
এই শহরে এখন সময় স্থির নয়, একটি ঝুলন্ত ঘড়ির কাঁটার মতো যার মুখ ভেঙে গেছে শার্পনেলের ছোঁয়ায়। গণকেরা বাতাসে খোঁজে জীবনের রেখা – একটি জুতো, অর্ধেক পোড়া পুতুল, দেওয়ালে আটকে থাকা হাতের ছায়া। তবু হঠাৎ, মধ্যরাতে জেগে ওঠে কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা একটি বাড়ি; তার কোনো জানালা নেই, তবু ভিতরে জ্বলে একটি মোমবাতির নিঃশব্দ শিখা – যেন কেউ এখনো অপেক্ষা করে কারো ফিরে আসার। সময় গড়ায়, কিন্তু এখানে ইতিহাস স্তব্ধ। শুধু একগুচ্ছ নীল কবুতর উড়ে যায় একটি ধ্বংসপ্রাপ্ত মিনারের চারদিকে, যেন তারা এখনো বিশ্বাস করে – আকাশ সম্পূর্ণ নিরপেক্ষ।
