তুমি ঘুম থেকে ওঠো কোন এক সকালে। ভাবো

তোমার বয়স বেড়ে গেছে। ভাবো সকল পুরানো অর্থ

বদলে গেছে। বদলে যাওয়া মানে তোমার ঘুম থেকে

ওঠার সময় হয়েছে।

এই বাড়িতে কেউ আমরা কারো নই।

আমি আমার স্ত্রীর নই। আমি আমার ছেলের নই।

আমরা একসঙ্গে থাকি। দূরের গাছপালা কারো নয়।

দূরের পাখিগুলো কারো নয়। তবু সবকিছু শান্ত।

দূর সবুজ। আকাশ নীল এবং ঠান্ডা।

কে জানে, কেউ কি জানে?

আমরা কেউ জানি না। ঈশ্বরও জানেন না।

আমরা একসঙ্গে থাকি

আমি আমার স্ত্রী আমার ছেলে

গাছপালা পাখি। পরস্পরের নিয়ম বুঝে কিংবা না বুঝে।

কতোদিন স্বপ্নে দেখেছি তোমাকে

তোমার পা দুটি বাঁশি বাজায়

ঘুম থেকে জেগে উঠে দেখি তোমাকে, আমার স্ত্রী

সব শান্ত, তার মধ্যে ঝড়

সব সবুজ, তার মধ্যে প্রেত

সব নীল, তার মধ্যে পতন

কে জানে? কেউ কি জানে?আমরা কেউ জানি না। ঈশ্বরও জানেন না।